ঢাকার দূতের এগ্রিমোতে দিল্লির সম্মতি

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার করার যে সিদ্ধান্ত (এগ্রিমো) সরকার নিয়েছে, ভারত সরকার তাতে আনুষ্ঠানিক

2026-09-23T02:12:23+00:00
2026-09-23T02:12:23+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকার দূতের এগ্রিমোতে দিল্লির সম্মতি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ এএম 
ছবি : সংগৃহীত
বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার করার যে সিদ্ধান্ত (এগ্রিমো) সরকার নিয়েছে, ভারত সরকার তাতে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে। আসাদ আলম সিয়াম শিগগিরই দিল্লিতে নতুন দায়িত্বে যোগ দেবেন। 

অন্যদিকে, পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসছেন জ্যেষ্ঠ কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান মঙ্গলবার এক বার্তায় জানান, নতুন হাইকমিশনার হিসেবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত। মঙ্গলবার দুপুরে ইমেইলের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লিকে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত সরকার বাংলাদেশের মনোনীত দূতের প্রতি সম্মতি প্রকাশ করেছে। ফলে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শিগগিরই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব নিতে যাচ্ছেন। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসছেন জাতিসংঘে বাংলাদেশের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।

আসাদ আলম সিয়াম একজন পেশাদার কূটনীতিক। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। আসাদ আলম সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। আসাদ আলম সিয়াম কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস, ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্স সম্পন্ন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন আসাদ আলম সিয়াম। তিনি ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন। 


এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসাদ আলম সিয়াম অসংখ্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় এবং ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। ব্যাংককে ইউএন এসকাপে বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি। 

এ ছাড়া আসাদ আলম সিয়াম ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের দফতরের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জুনে পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়াম নিয়োগ পান।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ঢাকা  দূত  এগ্রিমো  দিল্লি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: