বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে গতকাল বুধবার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বিজিএমইএ জাপান ডেস্ক’। সংযোগ, সহযোগিতা ও সমৃদ্ধি— এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাস, জেট্রো ঢাকা অফিস, ঢাকা শুমু-কু-কাই (ঔঈওঅউ), টয়োটা সুশো, টেইজিন ফ্রন্টিয়ার, মারুবেনি, ইতোচু করপোরেশন এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক এনামুল আজিজ চৌধুরী এবং সাধারণ সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বিজিএমইএ দফতরে স্থাপিত জাপান ডেস্কের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। নতুন এই ডেস্ক দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি টেকসই প্রবৃদ্ধির জন্য রফতানি বৈচিত্র্যকরণের ওপর গুরুত্বারোপ করেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে বলেন, বিজিএমইএ মনে করে, কেবল একটি নির্দিষ্ট খাত বা ঐতিহ্যবাহী বাজারগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকা সমীচীন নয়। এই বাস্তবতায় বিজিএমইএ পণ্য ও বাজার বহুমুখীকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে।
বিশেষ করে জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতেই বিজিএমইএতে ‘জাপান ডেস্ক’ স্থাপন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, জাপানের বাজারে পোশাক রফতানির ক্ষেত্রে স্বল্পতম সময়ে পণ্য সরবরাহ বা ‘লিড টাইম’ সফলভাবে মোকাবিলা করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সময়ের আলো/কেএইচও