‘এটাই ফাইনাল খেলার উপযুক্ত সময়’

ক্রীড়া প্রতিবেদক

খেলা

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য এখন নতুন স্বপ্ন দেখাচ্ছে। সেই স্বপ্ন

2026-09-24T21:41:14+00:00
2026-09-24T21:41:14+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ মুশতাকের
‘এটাই ফাইনাল খেলার উপযুক্ত সময়’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য এখন নতুন স্বপ্ন দেখাচ্ছে। সেই স্বপ্ন আর শুধু একটি সিরিজ বা ম্যাচ জয় নয়, এবার লক্ষ্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এখনই সেই বড় মঞ্চে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত তিন সিরিজে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে একটিতে, আর একটি ম্যাচ হয়েছে ড্র। সব মিলিয়ে ৪০ পয়েন্ট, অর্থাৎ ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই চক্রের ফাইনালে জায়গা করে নেবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল। ফাইনালের সেই দৌড়ে বাংলাদেশের সামনে এখনও রয়েছে তিনটি সিরিজ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে ম্যাচ এবং দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্থাৎ সামনে মোট ছয়টি টেস্ট। এর মধ্যে চারটিতে জয় পেলে ফাইনালের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

সেই সঙ্গে বাকি দুই ম্যাচের একটিতে ড্র করতে পারলে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে। এই সমীকরণকে সামনে রেখেই বড় স্বপ্ন দেখছেন মুশতাক। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘ফাইনাল খেলার লক্ষ্য এখন বাস্তবসম্মতভাবেই ভাবছে দল। ইনশাআল্লাহ (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) কেন নয়! আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। তাই আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি ও বিশ্বাস ধরে রাখি, তবে ইনশাআল্লাহ পুরো পথ পাড়ি দেওয়ার এটাই উপযুক্ত সময়।’

তবে ফাইনালে যেতে হলে শুধু সমীকরণ মিললেই হবে না, সামনে থাকা ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। আর সেখানেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মুশতাক মানসিকতার ওপর। পাকিস্তানের সাবেক এই লেগস্পিনারের মতে, বাংলাদেশের বর্তমান দলে এমন একঝাঁক ক্রিকেটার রয়েছেন, যারা বড় দলের বিপক্ষেও জয়ের জন্য লড়াই করতে প্রস্তুত। তিনি বলেন, ‘ছেলেদের নিয়ে আমি খুবই খুশি। একঝাঁক এমন ছেলেকে নিয়ে আমি কাজ করছি, যারা যেকোনো দলের বিপক্ষে জেতার চেষ্টা করে। ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন, যদি একই মানসিকতা ধরে রেখে ও হারের ভয় না করে এগোতে পারি, তা হলে যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সাফল্যের পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। এখন সেই আত্মবিশ্বাসকে সামনে রেখে বাকি ছয় টেস্টে নিজেদের সেরা ক্রিকেট খেলাই লক্ষ্য। ফাইনালের পথে সমীকরণ বাংলাদেশের পক্ষে থাকলেও শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে শান্তদের স্বপ্ন কতটা দূর এগোয়। মুশতাক অবশ্য বিশ্বাস করছেন, ভয়কে দূরে রেখে একই মানসিকতা ধরে রাখতে পারলে বড় মঞ্চে পৌঁছানোর সুযোগ বাংলাদেশের সামনে আছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে

  বিষয়:   টেস্ট চ্যাম্পিয়নশিপ  ফাইনাল  চোখ  মুশতাক  উপযুক্ত সময়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: