ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও নয়জন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এই পদায়ন করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ পদায়নের নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
প্রথম আদেশ অনুযায়ী, ডিএমপির পিএমও (দক্ষিণ) বিভাগের এডিসি সাগর দিপা বিশ্বাসকে ডিএমপির পিঅ্যান্ডআর এবং পিঅ্যান্ডআরএইচআরভি বিভাগে বদলি করা হয়েছে। আর এডিসি আরিফা আশরাফ পিংকিকে পিএমও (দক্ষিণ) বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
দ্বিতীয় আদেশে, ট্রাফিক রমনা বিভাগের (রমনা জোন) সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে এবং নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশানকে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক রমনা বিভাগের (ট্রাফিক-শাহবাগ জোন) সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।
তৃতীয় আদেশে উল্লেখ করা হয়, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে (ইনভেস্টিগেশন ইউনিট) এবং এই ডিভিশনে কর্মরত মনোয়ারা আক্তার রিফাতকে ট্রাফিক তেজগাঁও বিভাগের (ট্রাফিক-শেরেবাংলা নগর জোন) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে, মিরপুর বিভাগের (দারুসসালাম জোন) সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগের জাকির হোসেনকে মিরপুর বিভাগের (দারুসসালাম জোন) সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-লালবাগ বিভাগের মাহতাব হোসেনকে গোয়েন্দা-গুলশান বিভাগে (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) এবং লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-লালবাগ) মো. তারেকুল ইসলামকে ট্রাফিক-লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
সময়ের আলো/জেডি