বাংলাদেশকে উপনিবেশ বা তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় যারা, তাদের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।
রিজভী বলেন, ‘এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো স্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল।’
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
রিজভী আরও বলেন, তারেক রহমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ে, শিল্পকারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান কমে। গাড়িতে আগুন দিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানায় জাতীয়তাবাদী ওলামা দল।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
সময়ের আলো/এমকে