শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির সুযোগ রয়েছে। তবে এই সুবিধা সবাই পাবেন না। ধর্মভেদে ঐচ্ছিক ছুটির সুযোগ থাকায় মূলত সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই এ সুবিধা নিতে পারবেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ফলে পূজার সরকারি ছুটি দুই দিন।
এর আগে ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী ও ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এতে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকবে। ওই দিন এক দিনের ছুটি নিতে পারলে পরের দুই দিন ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা সাত দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
অর্থাৎ, ১৮ ও ১৯ অক্টোবর ঐচ্ছিক ছুটি এবং ২২ অক্টোবর এক দিনের ছুটি নিলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন কর্মস্থলের বাইরে থাকার সুযোগ পাবেন।
তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের ক্ষেত্রে ছুটির সুবিধা সীমিত হতে পারে। হাসপাতাল ও চিকিৎসাসেবা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিতদের প্রয়োজন অনুযায়ী ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হতে পারে। গণমাধ্যমসহ অন্যান্য অপরিহার্য সেবার কর্মীদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।
সময়ের আলো/এমকে