আলোকচিত্রের দুই শতাব্দী অতিক্রমের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাঙামাটিতে উদযাপিত হলো ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি। এ উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আলোকচিত্রীদের সংগঠন ‘পোর্ট্রেট’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
পোর্ট্রেটের উপদেষ্টা ওসমান গণি মনসুরের উদ্রবোধনের মধ্য দিয়ে শুরু হওয়া দুদিন ব্যাপী অনুষ্ঠানে বক্তারা স্মৃতি ও ইতিহাস সংরক্ষণে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে পার্বত্য অঞ্চলের প্রকৃতি ও জীবনযাত্রাকে বিশ্ব মঞ্চে তুলে ধরার আহ্বানও জানান তারা।
পোর্ট্রেটের প্রতিষ্ঠাতা রূপম চক্রবর্তীর সঞ্চালনায় এবং বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক বুলবুল আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস সাবেক সভাপতি সুনীল কান্তি দে, এবং ফটোসাংবাদিক সুপ্রিয় চাকমা প্রমুখ।
পরে অনুষ্ঠানে রাঙামাটির প্রথম আলোর ফটোসাংবাদিক আলোকচিত্রী সুপ্রিয় চাকমা ও আলোকচিত্রী সবুজ চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সময়ের আলো/আতা