স্মার্টফোনে কথা বলার সময় হঠাৎ অপর প্রান্তের কণ্ঠস্বর কম শোনা যাচ্ছে? ইয়ারপিস স্পিকারে ধুলা জমে যাওয়া, স্ক্রিন প্রোটেক্টরের কারণে স্পিকার আংশিক ঢেকে যাওয়া, সাময়িক সফটওয়্যার সমস্যা ইত্যাদি কারণে শব্দ কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে কী করবেন?
ইয়ারপিস স্পিকার পরিষ্কার আছে কি না দেখুন
ফোনের ডিসপ্লের ওপরের দিকে থাকা ছোট স্পিকারটি সাধারণত ফোন কলে অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর শোনানোর জন্য ব্যবহৃত হয়। দীর্ঘদিন ব্যবহারের কারণে এই স্পিকারের গ্রিলে ধুলা-ময়লা বা ছোট কণা জমতে পারে। এতে শব্দ বের হওয়ার পথ আংশিক বন্ধ হয়ে গিয়ে আওয়াজ কম শোনা যেতে পারে। তাই প্রথমে ফোনের ওপরের অংশটি ভালোভাবে পরীক্ষা করুন। স্পিকারের গ্রিলে ধুলা বা ময়লা আটকে আছে কী না, দেখে নিন।
স্ক্রিন প্রোটেক্টর পরীক্ষা করুন
কখনো কখনো সমস্যার কারণ ফোনের স্পিকার নয়, স্ক্রিন প্রোটেক্টরও হতে পারে। বিশেষ করে প্রোটেক্টরের কোনো অংশ ইয়ারপিসের ওপর উঠে গেলে বা সেখানে ময়লা জমলে স্পিকার আংশিক ঢেকে যেতে পারে। এর ফলে কলের শব্দ স্বাভাবিকের তুলনায় কম মনে হতে পারে।
এমন মনে হলে সাময়িকভাবে প্রোটেক্টরটি খুলে একটি ফোন কল করে দেখুন। পাশাপাশি নরম ও পরিষ্কার কাপড় দিয়ে ইয়ারপিসের বাইরের অংশটি আলতোভাবে মুছে নিতে পারেন।
নরম ব্রাশ দিয়ে ধুলা পরিষ্কার করুন
কাপড় দিয়ে পরিষ্কার করার পরও যদি শব্দ কম থাকে, তাহলে স্পিকারের গ্রিলের ছোট ছিদ্রের ভেতরে ধুলা জমে থাকতে পারে। এ ক্ষেত্রে নরম ব্রিসলের ছোট ব্রাশ ব্যবহার করা যেতে পারে।
তবে, পরিষ্কার করার সময় অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। স্পিকারের গ্রিলের ভেতরে জোর করে ব্রাশ ঢোকালে অভ্যন্তরীণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। পরিষ্কার করার পর আবার ফোন করে শব্দ ঠিকঠাক আছে কী না, পরীক্ষা করুন।
সফটওয়্যার আপডেট আছে কি না দেখুন
কলের শব্দ কমে যাওয়ার কারণ সবসময় ধুলা বা ময়লা নয়। ফোনের সফটওয়্যারেও সাময়িক সমস্যা থাকতে পারে। তাই ফোনের সেটিংসে গিয়ে নতুন কোনো সফটওয়্যার আপডেট এসেছে কি না, পরীক্ষা করুন।
আপডেট পাওয়া গেলে, সেটি ইনস্টল করে ফোনটি আবার ব্যবহার করে দেখুন। অনেক সময় সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনের বিভিন্ন ছোটখাটো ত্রুটি ঠিক হয়।
ফোন রিস্টার্ট দিন
সফটওয়্যার আপডেট করার পরও সমস্যা থাকলে ফোনটি একবার রিস্টার্ট করে দেখতে পারেন। এরপর নতুন করে একটি কল করে ইয়ারপিসের শব্দ পরীক্ষা করুন। সাময়িক কোনো সফটওয়্যার ত্রুটির কারণে সমস্যা হয়ে থাকলে রিস্টার্টের পর সেটি ঠিক হয়ে যেতে পারে।
তবে এসবের কোনো কিছুতেই যদি সমস্যার সমাধান না হয়, তাহলে বুঝতে হবে হার্ডওয়্যারসংক্রান্ত ত্রুটির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ইয়ারপিস স্পিকারসহ ফোনের সংশ্লিষ্ট অংশ পরীক্ষা করাতে অনুমোদিত সার্ভিস সেন্টার বা কাস্টমার কেয়ারের সহায়তা নিন।
সময়ের আলো/মহু