চলতি বছরের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ শুরু হচ্ছে আজ। মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে সোমবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট ইতোমধ্যে বোর্ডের আটটি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। ঢাকা অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর নম্বরপত্র ও টেবুলেশন শিট বিতরণ করা হবে বকশীবাজারে বোর্ডের মূল কার্যালয়ের দাখিল শাখা থেকে। অন্যান্য অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে এসব কাগজপত্র সংগ্রহ করতে পারবে।
সময়সূচি অনুযায়ী, ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলোর জন্য ২৮ ও ২৯ সেপ্টেম্বর ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ করা হবে।
এ ছাড়া ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের আওতাধীন জেলাগুলোতে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে তিন দিন এসব কাগজপত্র বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট সংগ্রহের নিয়মও জানানো হয়েছে। এগুলো গ্রহণের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের ক্ষেত্রে মাদরাসা প্রধান নিজে অথবা তার মনোনীত প্রতিনিধি তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষরসহ অনুমতিপত্র নিয়ে আসতে পারবেন।
অন্যান্য আঞ্চলিক কার্যালয় থেকেও কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে। মাদরাসা প্রধান বা তার মনোনীত প্রতিনিধির আবেদনে প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব শর্ত পূরণ না হলে বোর্ডের পক্ষ থেকে ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট দেওয়া হবে না।
সময়ের আলো/মহু