স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ

2026-09-28T13:37:33+00:00
2026-09-28T14:47:05+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না : নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ২:৪৭ পিএম
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘বিএনপি সারাদেশে যে নৈরাজ্য, তাণ্ডব, দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি ২০২৪ সালের ৬ আগস্টের পর শুরু করেছিল, আমরা মনে করি সেটারই ধারাবাহিকতা এখনো চলছে। সাম্প্রতিক সময়ে মিরপুরের রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় আমরা দেখতে পেলাম, কীভাবে প্রশাসন নিষ্ক্রিয় থাকছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আজকে পুরো জনগণের সামনে বিষয়টি স্পষ্ট যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। এ জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে আমরা মনে করি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।’

এনসিপি নেতা বলেন, ‘মিরপুরে রাড্ডা সেন্টারটি রাতের আঁধারে প্রায় তিন ঘণ্টা ধরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে স্থানীয় বিএনপির সংশ্লিষ্টতা এবং সংরক্ষিত এমপির নামও এসেছে। পুলিশ প্রশাসনের নীরবতা ও পরোক্ষ সহযোগিতা ছাড়া রাজধানী শহরে রাতের বেলা তিন ঘণ্টা ধরে এভাবে ভাঙচুর চালানো সম্ভব নয়। ফলে সরকারি ইন্ধনে, রাষ্ট্রীয় মদদে এবং দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি।’


নাহিদ বলেন, ‘এই দুটি ঘটনা রাজধানীতে ঘটায় এবং বিভিন্ন কারণে গণমাধ্যমে আসায় আমরা জানতে পেরেছি। কিন্তু সারাদেশের পরিস্থিতি এর চেয়েও ভয়াবহ। হবিগঞ্জে সিএনজি বা অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ব্যাপক মারামারির ঘটনা আমরা দেখেছি। সাভারে মাদরাসা দখলের চেষ্টার ঘটনাও সংবাদমাধ্যমে এসেছে। সারাদেশে এক ধরনের নৈরাজ্য চলছে। দেশে কোনো কার্যকর আইনশৃঙ্খলা বাহিনী আছে কি না, তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে।’

এনসিপির শীর্ষ নেতা বলেন, ‘এই সরকার বলেছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক থাকবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, বিএনপি সরকার নির্বাচিত হয়ে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বরং প্রশাসনের সহযোগিতায় সারাদেশে এই দখল-বাণিজ্য চলছে বলে আমরা মনে করি।’

তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও আমরা দেখেছি, তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে তাকে প্রশ্ন করা হলে বা জবাবদিহির আওতায় আনা হলে তিনি ‘এটা পল্টনের বক্তব্য’, ‘এটা রাজপথের বক্তব্য’- এ ধরনের নানা কথা বলে মূল বিষয় এড়িয়ে যেতেন এবং এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতেন।”

নাহিদ ইসলাম বলেন, ‘সারাদেশে জনগণের নিরাপত্তার জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের সঙ্গে আছি। আমাদের সারাদেশের এনসিপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা মজলুম জনগণের পাশে দাঁড়ান। যেখানে দখলদারি, চাঁদাবাজি ও সন্ত্রাস হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন।’

সময়ের আলো/মহু
  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  আইনশৃঙ্খলা  নাহিদ ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: