প্রকাশ্যে কোনো কর্মসূচি না থাকলেও বরিশালের উজিরপুরে ঘরের ভেতরে গোপনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেক কাটার পর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে উপজেলায় তোলপাড় শুরু হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশ নেওয়া নেতাকর্মীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার কথা জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের ব্যানারে একটি কক্ষের ভেতর টেবিলের ওপর কেক রেখে জন্মদিনের উৎসব উদযাপন করছেন একাধিক নেতাকর্মী।
স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন, উপজেলা যুবলীগ নেতা মো. শাওন বালী, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, বামরাইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হাওলাদার, যুবলীগ নেতা ওসমান তালুকদার, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমল রায়, সহসভাপতি নয়ন হাওলাদার, শোলক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন হাওলাদার উপস্থিত রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত একাধিক নেতাকর্মীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সবার নম্বর বন্ধ পাওয়া যায়। তাই তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, উজিপুরের কোথাও প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালন করা হয়নি। কেউ ঘরের মধ্যে বসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন কিনা সে ব্যাপারে থানা পুলিশের কাছে তথ্য নেই। তবে ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, উজিরপুরের কোথাও প্রকাশ্যে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন কোনো সভা-সমাবেশ বা কেক কাটার খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি আমাদের নজরে এসেছে। ভিডিও ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের নাম ও পরিচয় নিশ্চিত করা হচ্ছে। ঘটনার সত্যতা ও জড়িতদের শনাক্তের পর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আতা