চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বাড়ির নিচে পুঁতে রাখা আনুমানিক ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের একটি দেয়াল ধসে পড়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে মো. ইয়াহিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা যায়, আজ সোমবার আনুমানিক রাত ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দা মো. ইয়াহিয়ার লাকড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা আনুমানিক ১০ থেকে ১৫টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা জহুরপুরটেক বিওপিতে খবর দিলে রাত পৌনে নয়টার দিকে বিজিবির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে বিজিবি পৌঁছানোর আগেই আলামত নষ্ট বা উধাও হয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কোনো তথ্য সংগ্রহ করা যায়নি বলেও জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মজুত করা ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা তদন্ত করছি এবং আইনি পদক্ষেপ চলমান আছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। একপাশের দেওয়াল ও টিনের চাল ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি এবং সেই বাড়ির লোকজন পলাতক রয়েছে।
সময়ের আলো/আতা