চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত পাঁচ বছরের শিশুসহ সাপকে বোতলবন্দি করে হাসপাতালে হাজির হয়েছেন এক বাবা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আক্রান্ত শিশু মরিয়ম উপজেলার নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা শেষে ঘরে ফেরার সময় একটি রাসেলস ভাইপারের বাচ্চা মরিয়মের পায়ে দংশন করে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এ সময় বাবা মনির হোসেন কালক্ষেপণ না করে শনাক্তকরণ ও সঠিক চিকিৎসার সুবিধার্থে রাস্তার পাশের ঝোপঝাড় খুঁজে সাপটিকে ধরে একটি বোতলে বন্দি করেন। পরবর্তীতে আক্রান্ত শিশু ও বোতলবন্দি বিষধর সাপটি নিয়ে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদরের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পরপরই জরুরি বিভাগের চিকিৎসকেরা কালবিলম্ব না করে মরিয়মকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগসহ নিবিড় চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক জানান, সময়মতো হাসপাতালে এনে অ্যান্টিভেনম প্রয়োগ করায় শিশুটির প্রাণ রক্ষা পেয়েছে। বর্তমানে মরিয়ম আশঙ্কামুক্ত হলেও তাকে আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সময়ের আলো/আতা