স্বাস্থ্য খাতে প্রায় ৩৫ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের ১১ থেকে ২০তম গ্রেডের মাঠপর্যায়ের ৪০ শতাংশের বেশি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় জরুরি ভিত্তিতে এসব পদ পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতি বাস্তবায়নে ধাপে ধাপে দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এএনএম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভার পর সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত অধিদপ্তরের মোট ১ লাখ ২৭ হাজার ১০১টি পদের মধ্যে প্রায় ৩৬ শতাংশই শূন্য ছিল। এর মধ্যে ১১ থেকে ১৬তম গ্রেডে অনুমোদিত ৫৬ হাজার ৯০৮টি পদের ২০ হাজার ৯৯৫টি শূন্য। আর ১৭ থেকে ২০তম গ্রেডে ২৬ হাজার ২৯৫টি পদের মধ্যে শূন্য রয়েছে ১৩ হাজার ৯৪৫টি।
স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মেডিকেল টেকনোলজিস্টের মতো গুরুত্বপূর্ণ পদে জনবল সংকট থাকায় টিকাদান, স্বাস্থ্যশিক্ষা ও প্যাথলজি সেবায় চাপ তৈরি হয়েছে।
স্বাস্থ্য সহকারী অখিল উদ্দিন বলেন, ‘আমরা শতভাগ টিকাদান নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু জনবল সংকটের কারণে স্বাস্থ্যশিক্ষার মতো আরও অনেক সেবা যথাযথভাবে দেওয়া সম্ভব হয় না।’
এদিকে গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগও এগিয়ে নিচ্ছে সরকার। ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৭০০ সহকারী সার্জন ও ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগে গত ২৪ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপিএসসি।
স্বাস্থ্যসচিব বজলুর রশীদ বলেন, ‘আমরা তাদের জরুরিভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে প্রয়োজনীয় কাগজপত্রও ইতোমধ্যে দেওয়া হয়েছে।’
সময়ের আলো/এমকে