কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর তার জামাতা মিজানুর রহমানকে গ্রেফতার ও এ-সংক্রান্ত প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। একই সঙ্গে মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে তার কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মিজানুর রহমানকে ঢাকার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে গ্রেফতারের পর এক বিবৃতিতে এসব কথা বলেন আব্দুল গফুর।
বিবৃতিতে তিনি বলেন, মিজানুর রহমানকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেফতারের যে তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। ঢাকার মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই এবং তিনি সরকারিভাবে বরাদ্দকৃত ‘ন্যাম ভবনে’ থাকেন।
আব্দুল গফুরের দাবি, মিজানুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। এর সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই। একইভাবে এ ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
মিজানুর রহমানের ব্যবসায়িক বিরোধের বিষয়ে সংসদ সদস্য বলেন, ‘নিউ গ্রিন প্রোপার্টিজ’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ওই প্রতিষ্ঠানের কাছে মিজানুর রহমানের পাওনা টাকা বকেয়া ছিল। পাওনা আদায়ে তিনি আইনগত ব্যবস্থা নিয়ে থানায় মামলা করেন।
আব্দুল গফুরের ভাষ্য, ওই মামলার পর প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম মিজানুর রহমানকে পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন। পরে বাকি টাকা না দেওয়ার উদ্দেশ্যে পাল্টা মামলা করা হয়। তবে পরবর্তী সময়ে ওই মামলা খারিজ হয়ে যায় বলে দাবি করেন তিনি।
সম্প্রতি নিউ গ্রিন প্রোপার্টিজের আবাসনে ভাঙচুরের ঘটনার সঙ্গেও মিজানুর রহমানের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেন আব্দুল গফুর। তার অভিযোগ, বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম ‘সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের’ আশ্রয় নিয়েছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামী ও তাঁকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচারের মাধ্যমে রাজনৈতিকভাবে তাঁকে হেয় করা এবং দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
এর আগে সোমবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করে।
সময়ের আলো/এসএকে