গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামের এক বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের বাজার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের নেতৃত্বে অভিযানে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্র জানায়, অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস বাজারে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় জেলাল শেখ অসুস্থ গরুটি জবাই করার কথা স্বীকার করেন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারে বিক্রির জন্য রাখা মাংস জব্দ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান জানান, অভিযুক্ত বিক্রেতা নিজ বাড়িতে গরুটি জবাই করে মাংস বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। গরুটির পা ও পেটে সমস্যা ছিল বলে জানান তিনি।
জব্দ করা মাংস প্রথমে প্রাণিসম্পদ কর্মকর্তার হেফাজতে রাখা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
ইউএনও রওজাতুন জান্নাত বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, বাড়িতে পশু জবাই করা হলে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকে না। ফলে অসুস্থ পশুর মাংস বাজারে বিক্রি হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এ কারণে নির্ধারিত স্থানে পশু জবাই এবং নিয়মিত বাজার তদারকির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সময়ের আলো/এসএকে