কিশোর অপরাধ দমনে লক্ষ্মীপুরে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৮২ জনকে আটক করে। এরমধ্যে সদর থানা-পুলিশ ৬০ জন, চন্দ্রগঞ্জ থানা ২১ জন, রায়পুর থানা ২৪ জন, রামগঞ্জ থানা ২৪ জন, রামগতি থানা ১৩ জন, কমলনগর থানা ১৭ জন ও ডিবি পুলিশ ২৩ জনকে আটক করেছে। কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সময়ের আলো/জেডি