টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আর সেই ফেরার মঞ্চেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের আতিথেয়তা পেতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। আসন্ন সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্রিসবেনে হবে সিরিজের তিনটি ম্যাচই। আগামী ৯ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে লড়াই। একই ভেন্যুতে ১১ অক্টোবর দ্বিতীয় এবং ১৪ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা। তাদের জায়গায় অস্ট্রেলিয়া সফরের দলে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন নাহিদা আক্তার।
জ্যোতির দল সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে হওয়া সেই সফরে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরেছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের সিরিজটি বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতারও। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। অন্যদিকে বিশ্বকাপ জয়ের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
সময়ের আলো/প্রিন্ট/টিকে