রাজধানীর বনানী এলাকায় চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
বৃহস্পতিবার ( সকাল থেকে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে একের পর এক ট্রেন আটকে পড়ে। ঢাকায় আসার পথে বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর স্টেশনেও কয়েকটি ট্রেন অপেক্ষায় ছিল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরের দিকে বনানী এলাকায় কনটেইনার ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকাজ শেষে সকাল ১০টা থেকে দুটি লাইন দিয়েই ট্রেন চলাচল শুরু হয়।
সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের শিডিউল বোর্ডে দেখা যায়, দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার, লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস, চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার, ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে ছিল।
এ ছাড়া বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর রেলওয়ে স্টেশনেও ঢাকাগামী কয়েকটি ট্রেন আটকে থাকার কথা জানা যায়।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কবির হোসেন মোল্লা বলেন, বনানীর দিকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার একটি কনটেইনার ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছিল। এতে ওই এলাকায় ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হয়। এখন দুটি লাইন দিয়েই ট্রেন চলাচল করছে।
তিনি আরও বলেন, লাইনচ্যুতির কারণে যেসব ট্রেন বিলম্বের মধ্যে পড়েছিল, সেগুলোও ধীরে ধীরে চলাচল শুরু করেছে। একদিকে ট্রেনগুলো সিরিয়াল অনুযায়ী চলছে, অন্যদিকে দুই দিকের ট্রেনও পর্যায়ক্রমে চলাচল করছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
সময়ের আলো/টিকে