বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর এবার দল থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, যেকোনো সময় বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করতে পারেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, মিষ্টিকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্য কোনো দলীয় বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই রাতে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়। দলীয় বিজ্ঞপ্তিতে এসব সাংগঠনিক সিদ্ধান্তের সঙ্গে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনার সরাসরি কোনো সম্পর্ক উল্লেখ করা হয়নি। তবে দলীয় সূত্রের দাবি, রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ার পরই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জেডি