চট্টগ্রামের মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে যুবদল কর্মীসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নয়টিলা এলাকায় পাহারারত স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক তিনজনের মধ্যে একজন ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের কর্মী আনোয়ার। অন্য দুইজন হলেন, ফেনী রাজনগর এলাকার বেলায়েত হোসেন (২৮) ও করেরহাট ইউনিয়নের সামনেরখিল এলাকার মামুন (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি ঠেকাতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাতের বেলায় পাহারা দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে অবস্থান নেওয়া কয়েকজনকে ঘেরাও করেন স্থানীয়রা। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও কয়েকজন পালিয়ে যায়।
পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানার নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই