প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত। ছবি : সংগৃহীতব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে একটি উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও রেল সূত্রে জানা গেছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
তবে দ্রুত লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা