চট্টগ্রাম নগরীর ইস্পাহানি মোড় চেকপোস্টে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল আমিন সরদার ২০২২ সালে পুলিশে যোগ দেন। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল পদে ছিলেন। সংযুক্ত ছিলেন কোতোয়ালী থানায়। মাদারীপুর সদর থানার উত্তর দুধখালী এলাকার আবদুল হক সরদারের ছেলে।
পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার পর ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব দায়িত্ব পালন করছিলেন আল আমিন সরদার। ভোরে তিন যুবকের গতিবিধি সন্দেহ হলে অপর সহযোগী পুলিশ সদস্যসহ তাদের চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে ছিনতাইকারীদের একজন পালানোর চেষ্টা করলে তিনি তাকে মোটরসাইকেলে করে ধাওয়া করে আটকের চেষ্টা করেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। বাসটি আল আমিনকে টেনে বেশ কিছুদূর নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাস চালক মোশাররফ (৩৮) ও বাসের স্টাফ জয় দাসকে (৩০) আটক করেন। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। চালক হেলপারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, ছিনতাইকারী ধরতে রোববার ভোরে ধাওয়া করেছিলেন আল আমিন। ওই সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চালক হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/এনএন