বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচকে ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ২৩৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
আইকিউ এয়ারের তালিকায় ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। তৃতীয় স্থানে থাকা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্কোর ১৯১। ভারতের রাজধানী দিল্লি ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউ এয়ার বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক পরিস্থিতি প্রকাশ করে। প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুর মান মাঝারি বা সহনীয়।
স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
ঢাকার ২৩৪ স্কোর অনুযায়ী, বর্তমানে নগরীর বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সময়ের আলো/এমকে