পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার অন্যতম প্রধান ও এজাহারভুক্ত আসামি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে (৫১) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে জেলা শহরের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, নাঈমুজ্জামান ভূঁইয়া জেলায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশসহ পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
নাঈমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর আলামিন হত্যা মামলার পর থেকেই নাঈমুজ্জামান পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় গুরুতর অভিযোগ রয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
পুলিশ আরও জানায়, মঙ্গলবার সকালে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সময়ের আলো/মহু