বরগুনার আমতলী থেকে অপহৃত কিশোরীকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় কিশোরীর ফুফা আমিরুল ইসলাম আমিরকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ থানার মতিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়। এসআরবির মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার আমিরুল ইসলাম সুন্দরগঞ্জ থানার রামধন গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে। তিনি ভুক্তভোগী কিশোরীর ফুফা। বিয়ের পর থেকেই তিনি ঘরজামাই হিসেবে কিশোরীর বাড়িতে থাকতেন।
এজাহারে বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর কিশোরী বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তার বাবা থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লোকমুখে তিনি জানতে পারেন, তার ভগ্নিপতি আমির তার মেয়েকে অপহরণ করে বাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন। এরপর তিনি আমতলী থানায় অপহরণ মামলা করেন।
মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ গাইবান্ধার সিপিসি-৩ এবং এসআরবি-৮ পটুয়াখালী ক্যাম্পের সিপিসি-১-এর একটি যৌথ অভিযানিক দল সুন্দরগঞ্জের মতিনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান অভিযুক্ত আমিরুল ইসলামকে গ্রেফতার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতার আমিরুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/আতা