খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন জেলা ও বিশেষায়িত হাসপাতালে নতুন করে ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ জনের প্রাণহানি ঘটল।
নতুন ভর্তি রোগীদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩০২ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৩১ জন এবং বেসরকারি হাসপাতালে ৭১ জন চিকিৎসা নিতে শুরু করেছেন।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, খুলনা জেলায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় শুধু খুলনা জেলাতেই ১৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন, বাগেরহাটে ৩৫ জন, যশোরে ১৮ জন, নড়াইলে ১৮ জন, সাতক্ষীরায় ১৬ জন (সাধারণ ও মেডিকেল কলেজ মিলিয়ে), মাগুরায় ১০ জন, মেহেরপুরে ৮ জন, কুষ্টিয়ায় ৭ জন এবং চুয়াডাঙ্গায় ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ হাজার ৩৭৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে এবং রোগীর সংখ্যা কমাতে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশাবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।
সময়ের আলো/আতা