বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ যুক্তরাজ্য থেকে শনিবার (১০ অক্টোবর) সকালে দেশে পৌঁছাবে। শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন থেকে তার কফিন দেশে পাঠানো হবে বলে জানিয়েছে তার পরিবার।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। জোহরের নামাজের পর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তৌফিক ইমরোজ খালিদী ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেছেন। ব্রিক লেইন জামে মসজিদে তার জানাজায় বিবিসিতে তার সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।
মরদেহ দেশে পৌঁছানোর পর তার জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/জেডি