অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। বিদায়ি ম্যাচে সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর এবার নিজেই জালের দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। পেনাল্টি থেকে গোল করে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনাকে ৩-০ গোলে এগিয়ে দিয়েছেন মেসি।
এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন নিকোলাস ওতামেন্দি। গোলটির পরপরই অবশ্য বিদায় নেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক। মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে পান দাঁড়িয়ে করতালি, সতীর্থরাও হাত মিলিয়ে তাঁকে বিদায় জানান।
এরপর মেসির আরেকটি দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেন নিকো পাজ। বামদিক থেকে মেসির বাড়ানো বল পেয়ে গোলপোস্টের দিকে ঘুরে বাঁকানো শটে বল পাঠান পাজ। বেনিনের গোলরক্ষকের কিছুই করার ছিল না।
দুই গোলে অ্যাসিস্ট করার পর এবার মেসির নিজের পালা। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার লিড ৩-০ করেছেন তিনি। বিদায়ি ম্যাচে যেন একে একে নিজের সবটুকু জাদুই দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।
প্রথমার্ধে অবশ্য গোলের খুব কাছে গিয়েও সফল হননি মেসি। বেনিনের বক্সে ছয়বার বল স্পর্শ করেছিলেন, নিয়েছিলেন চারটি শট—প্রথমার্ধে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে যা ছিল সর্বোচ্চ।
৩২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাসে পাওয়া সুযোগটিও কাজে লাগাতে পারেননি তিনি। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে ফেলায় তার শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে গেল গল্প। প্রথমে ওতামেন্দির গোলের কারিগর, এরপর নিকো পাজের গোলের স্রষ্টা—শেষ পর্যন্ত নিজের নামও স্কোরশিটে তুললেন মেসি।
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ। শেষ ম্যাচে দুই অ্যাসিস্টের পর গোলও। মেসির বিদায়ের রাত যেন ধীরে ধীরে হয়ে উঠছে তারই একক মঞ্চ।
সময়ের আলো/জেডি