চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসিসহ দুই ওসিকে বদলি করা হয়েছে। খুলশি থানার ওসিকে বদলি করা হয়েছে সিটিএসবিতে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে দুই থানার ওসিকে রদবদলের বিষয়টি জানানো হয়।
বদলির বিষয় নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।
আদেশ সূত্রে জানা যায়, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। আর খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, খুলশী থানার ওসি মো. আবদুর রহিম দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১০ দিনের মাথায় বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন।
সর্বশেষ, মঙ্গলবার রাতে বদলি হওয়া ওসি আবদুর রহিম চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবনে বগা নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে ধরতে যান। চসিক ভবনে আসামি ধরতে যাওয়াকে মেয়রের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হিসাবে অবহিত করা হয়েছে।
বুধবার সকালে এ ব্যাপারে ওসির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মেয়র ডা. শাহাদাত হোসেন। সকালে ক্ষোভ প্রকাশ করার পর বিকালে ওসিকে বদলির আদেশ এলো।
সময়ের আলো/আতা