ভারতের পাটনা থেকে লখনৌ যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বজ্রপাতের শিকার হয়েছে ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বজ্রপাতের পর বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে শেষ পর্যন্ত লখনৌ বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় বিমানটি।
গত বুধবার (৭ অক্টোবর) এ ঘটনা ঘটে। বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে বিমানটির সামনের রাডোম অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এতে থাকা ১০৪ যাত্রী ও ছয়জন ক্রু সদস্যের কেউ আহত হননি।
ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় আট মিনিট আগেই লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। অবতরণের পর যাত্রী ও ক্রুদের সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
ইনডিগোর এক মুখপাত্র জানান, ৭ অক্টোবর পাটনা থেকে লখনৌগামী ‘৬ই ৬২৫’ ফ্লাইটটি পথে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে। অবতরণের সময় শিলাবৃষ্টির আঘাতে বিমানের সামনের রাডোম ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই বিমানটি লখনৌ বিমানবন্দরে অবতরণ করে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) ঘটনাটি তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় পরিদর্শন, মেরামত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পরই বিমানটিকে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে।
এর আগে গত মাসেও ইনডিগোর আরেকটি ফ্লাইট বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছিল। গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাওয়া বিমানটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ‘টেইল স্ট্রাইক’-এর শিকার হয়।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, অবতরণের সময় প্রতিকূল বাতাসের কারণে এ৩২১নিও উড়োজাহাজটির পেছনের অংশ অস্বাভাবিকভাবে রানওয়েতে আঘাত করে। ওই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়। সেবারও খারাপ আবহাওয়াকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
সময়ের আলো/ইউএমএইচ