চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। নগরীর ইপিজেড ও ডবলমুরিং থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ইপিজেডের পাঁচ নম্বর সড়কে দুর্ঘটনায় দুই পোশাক কারখানা শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন, মো. খলিল ও তামান্না বেগম। তাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। এরমধ্যে খলিল এনএইচটি ফ্যাশন ও তামান্না স্মার্ট জ্যাকেট নামের আরেক প্রতিষ্ঠানে কাজ করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খলিল ও তামান্না মোটর সাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি পিকআপ তাদের পেছন থেকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে যান। এসময় আশপাশে থাকা অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরীক্ষার পর চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, দুর্ঘটনার পর কারখানার শ্রমিকরা সকাল ৯টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে চমেকে আনার পথেই তাদের মৃত্যু হয়েছে।
ইপিজেড থানার ওসি আতিকুর রহমান বলেন, ইপিজেডের অভ্যন্তরে বাইক আরোহী দুই শ্রমিককে পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে চালকসহ পিকআপটি আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এদিকে, নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাছুম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে ডি টি রোডের ধনিয়ালা পাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধনিয়ালা পাড়া রাস্তার মাথায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাছুম গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাছুম ডি টি রোডের ধনিয়ালা পাড়ার মগবুল মঞ্জিল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রমজান আলী। দুর্ঘটনার আগে মাছুম একটি জানাজার নামাজ শেষ করে ফিরছিলেন বাসায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ধনিয়ালাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন এক মোটরসাইকেল চালক। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সময়ের আলো/আতা