মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা পরিবহনের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের আরেকটি বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে হানিফ পরিবহনের বাসের ভেতরে আটকে পড়েন কয়েকজন যাত্রী। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসের দরজা ভেঙে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হননি। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে হাসাড়া যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, সামনে একটি মোটরসাইকেলকে বাঁচাতে এনা পরিবহনের বাসটি ব্রেক করলে পেছন থেকে আসা হানিফ পরিবহনের বাসটি সেটিকে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে হানিফ পরিবহনের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটা এবং হানিফ পরিবহনের বাসটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
সময়ের আলো/জোই