ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গতি হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদ (২৪) নামে মোটরসাইকেলের অপর আরোহী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, বন্ধুরা মিলে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে দ্রুতগতির কারণে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে যানটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই চালক হৃদয়ের মৃত্যু হয়। পরে তার মরদেহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হৃদয় সৌদি আরবে কর্মরত ছিলেন এবং চার মাস আগে ছুটিতে দেশে আসেন। আগামী কিছুদিনের মধ্যেই তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।
সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
সময়ের আলো/জেডি