প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:২০ পিএম
হামিম মল্লিক সড়ক দুর্ঘটনার আগে ও পরে মোটোরসাইকেলে। ছবি : সময়ের আলোগোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফজলু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক হামিমের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে । এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে ।
সময়ের আলো/জোই