শেখ হাসিনা ও তার সরকারের ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও দাবির বিষয়টি ভারতকে স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারের দায়িত্ব পালনের সময়কার ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
শুক্রবার (৯ অক্টোবর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং এর প্রভাব নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
রিয়াজ হামিদুল্লাহ বলেন, কূটনীতির নিজস্ব সীমা, পরিসর ও প্রতিষ্ঠিত রীতিনীতি রয়েছে। তবে বিষয়টি শুধু দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের জনগণের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। মানুষের আশা-প্রত্যাশা পূরণ না হওয়ার ব্যর্থতা ও গভীর যন্ত্রণা অনুধাবন করা প্রয়োজন।
তিনি বলেন, শেখ হাসিনার ভূমিকা এবং তৎকালীন সরকার পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিষয়টি ভারতকে স্বীকার করতে হবে। তা না হলে বর্তমান ও ভবিষ্যতে দুই দেশের জনগণ এবং রাষ্ট্রের সম্পর্কের স্বাভাবিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে।
হাইকমিশনার আরও বলেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ছিল, বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশের মানুষের আকুতি, চাওয়া ও দাবির জায়গাটি অপরিবর্তিত রয়েছে।
সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক প্রয়োজন, পর্যটন এবং আমদানি-রফতানিসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ থাকতে পারে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের অবস্থানের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।
সময়ের আলো/এমকে