ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মানব পাচারকারী দালালসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবানীপুর বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী এবং দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করে।
আটক বাংলাদেশি নাগরিকরা হলেন—নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার (২০) এবং খালিয়াজুড়ী উপজেলার শালডিঙ্গা গ্রামের নিউটন সরকার (২০)।
অন্যদিকে আটক মানব পাচারকারীর নাম সিলভার সাংমা (দালাল)। তিনি দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেটের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিক গত দুই মাস আগে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে স্থানীয় দালাল সিলভার সাংমাকে ৬ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে কোচবিহারে যান। পরবর্তীতে ১০ অক্টোবর সকাল আনুমানিক পৌনে ১২টার দিকে পুনরায় সিলভার সাংমাকে সাড়ে ৬ হাজার টাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিজিবির টহল দল তাদের হাতেনাতে আটক করে।
তাদের জাতীয় পরিচয়পত্র ও স্বজনদের দেওয়া মোবাইল নম্বরের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে বিজিবি। পরে অবৈধ সীমান্ত পারাপার ও মানব পাচারের দায়ে আটক তিনজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক দালাল সিলভার সাংমা একজন চিহ্নিত মানব পাচারকারী। এর আগেও গত ০৬ জুন ২০২৬ তারিখে মানব পাচারের অপরাধে বিজিবি তাকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছিল, যার একটি মামলা বিচারাধীন রয়েছে (মামলা নম্বর ০৯/২০২৬)।
সময়ের আলো/এনএন