তৌফিক ইমরোজ খালিদীকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বন্ধু, স্বজন, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার (১০

2026-10-10T21:29:49+00:00
2026-10-10T21:29:49+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
জাতীয়
তৌফিক ইমরোজ খালিদীকে অশ্রুসিক্ত বিদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:২৯ পিএম 
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বন্ধু, স্বজন, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি : সংগৃহীত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বন্ধু, স্বজন, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা।

জানাজার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশের বক্তব্য পড়ে শোনান প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবির। বক্তব্যে বিশ্বদীপ দাশ বলেন, ‘তার রেখে যাওয়া আদর্শ এবং কাজ এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। তিনি নির্ভীক, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করতেন। আমাদের তিনি শিখিয়েছেন কঠিন প্রশ্ন করতে। চাপের মুখে মাথা নত না করতে। সত্য যতই অস্বস্তিকর হোক, মানুষের সামনে তা তুলে ধরতে।’

তিনি আরও বলেন, ‘তার এই আপসহীন সাংবাদিকতার কারণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ক্ষমতাসীন এবং দুর্বৃত্তদের রোষের মুখে পড়তে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। প্রাপ্য বৈধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু প্রতিশোধস্পৃহা কিংবা প্রতিহিংসার কাছে তিনি নিজের সততা ও আদর্শ বিকিয়ে দেননি।’


খালিদীর ভাতিজা তারাফ খালিদী বলেন, ‘আমার বাবা ২০১৯ সালে মারা যাওয়ার পর আমার চাচ্চু আমাদের বাবার মতো আগলে রেখেছেন। আমার স্কুল, কলেজে আমার চাচ্চুই ছিলেন আমার অভিভাবক। আমাদের জীবনে তার অবদানের কথা এই অল্প সময়ে বলে শেষ করা যাবে না।’

খালিদীর ছেলে রাদ শারার খালিদীর বক্তব্যে তারাফ বলেন, ‘পেশাগত জীবনেও আব্বুর কিছু আদর্শ ছিল, যেগুলোর সঙ্গে তিনি কখনো আপস করতে চাননি। তিনি বিশ্বাস করতেন সৎ, নির্ভীক এবং স্বাধীন সাংবাদিকতায়। তার কাছে সাংবাদিকতা শুধু একটি পেশা ছিল না; এটি ছিল একটি দায়িত্ব এবং বিশ্বাসের জায়গা।’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম শ্রদ্ধা জানান। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে অসুস্থ হয়ে পড়েন। তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান চিকিৎসকেরা। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

গত ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয় ও বাসায় নেওয়া হয় মরদেহ। এরপর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে জানাজা শেষে তাকে শেষ বিদায় জানান স্বজন ও শুভানুধ্যায়ীরা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   তৌফিক ইমরোজ খালিদী  অশ্রুসিক্ত  বিদায় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: