রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন বা সংগ্রাম নয়, বরং দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করাই রাজনীতির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্মরণসভায় জহির উদ্দিন স্বপন বলেন, শহিদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করতে দেশের সব গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করতে হবে। একটি শক্তিশালী ও কার্যক্ষম সংসদের মাধ্যমেই গণতান্ত্রিক অর্জনকে পূর্ণতা দেওয়া সম্ভব।
শহিদ জেহাদ, আবু সাঈদ ও মুগ্ধসহ সব শহিদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করে একটি আধুনিক ও বিজ্ঞানমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বাংলাদেশকে দ্রুত এগিয়ে নিতে হবে। কেবল আন্দোলন ও ত্যাগের ইতিহাসচর্চায় বন্দি না থেকে শহিদের রক্তের অঙ্গীকার রক্ষায় একটি কার্যকর সংসদ গঠন এবং জাতীয় অর্থনীতিকে সচল করাই এখন রাষ্ট্র ও রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।
তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখাতেই ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে, যা অর্জিত গণতন্ত্রকে টেকসই করবে।
‘শহিদ জেহাদ স্মৃতি পরিষদ’-এর সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য শিরীন সুলতানা, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব ও খন্দকার লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সময়ের আলো/জোই