তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে ঋণ ও অনুদানের সমন্বয়ে অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ (UDYOG)’-এর প্রথম পর্যায়ে আট জেলার আবেদনকারীদের জন্য আবেদনের সময় শেষ হতে বাকি চার দিন। এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৮টি জেলার আবেদন শুরু হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন চলবে মঙ্গলবার (১৫ অক্টোবর) পর্যন্ত। এই সময়ের মধ্যে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা জেলার সব উপজেলা থেকে এই আবেদন করা যাবে। এ ছাড়া অন্যান্য জেলার অন্তর্ভুক্ত সব উপজেলার উদ্যোক্তারা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় অর্থায়নের আবেদন করতে পারবেন।
দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও সহায়তা প্রদানই এই কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্প সংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
ওই নির্দেশনায় বলা হয়, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। এ ছাড়া ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
‘উদ্যোগ’ কর্মসূচি সংক্রান্ত নীতিমালা ও অর্থায়নের আবেদন করতে এখানে ক্লিক করুন।
এ ক্ষেত্রে ঋণ হিসেবে দেওয়া অর্থ পরিশোধ না করলে অনুদান হিসেবে দেওয়া অর্থের পুরোটা ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ, অনুদান নিশ্চিত করতে উদ্যোক্তাকে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন।
সময়ের আলো/কেএইচও