এফডিআই আনলেই মিলবে সরকারি প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার দেশীয় উদ্যোক্তা ও বিনিয়োগ-সংযোগকারীদের আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কোনো বাংলাদেশি নাগরিক বা শতভাগ

2026-11-27T23:22:22+00:00
2026-11-27T23:22:22+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজনেস
এফডিআই আনলেই মিলবে সরকারি প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার দেশীয় উদ্যোক্তা ও বিনিয়োগ-সংযোগকারীদের আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কোনো বাংলাদেশি নাগরিক বা শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগ আনতে সফল হলে সংশ্লিষ্ট বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ অর্থ প্রণোদনা হিসেবে পাবেন। তবে এ সুবিধা পেতে বিনিয়োগের পরিমাণ হতে হবে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার। পাশাপাশি রয়েছে নিবন্ধন, মূল্যায়ন, অর্থের উৎস যাচাই এবং বিনিয়োগ ধরে রাখার মতো একাধিক শর্ত।

এ জন্য ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে প্রণীত নীতিমালাটি প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এ প্রণোদনা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানিও এ সুবিধার আওতায় আসবে। তবে বিদেশি বিনিয়োগকারী এবং প্রণোদনার আবেদনকারীর মধ্যে কোনো ধরনের স্বার্থসংশ্লিষ্টতা থাকা যাবে না।

সব ধরনের বিনিয়োগে মিলবে না সুবিধা : সরকারের নতুন এ উদ্যোগে সব ধরনের বিদেশি বিনিয়োগকে প্রণোদনার আওতায় রাখা হয়নি। কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের বিপরীতে এ সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ নতুন কোনো বিদেশি বিনিয়োগকারীকে দেশের ব্যবসা বা প্রতিষ্ঠানে ইক্যুইটি বিনিয়োগে যুক্ত করতে পারলে প্রণোদনার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের বিদ্যমান শেয়ারহোল্ডার অতিরিক্ত শেয়ার কিনলে কিংবা উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ করলে এ সুবিধা পাওয়া যাবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী নিজের বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন কোনো খাতে অথবা অন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে সেটি প্রণোদনার জন্য বিবেচিত হতে পারে।

এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, সংশ্লিষ্ট বিনিয়োগের পরিমাণ কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা হতে হবে। পাশাপাশি বিনিয়োগটি বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত থাকতে হবে।

বিনিয়োগের আগেই নিতে হবে নিবন্ধন : প্রণোদনা পাওয়ার প্রক্রিয়ায় আগাম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, বিদেশি বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই আবেদনকারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীর নামে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। পরবর্তী সময়ে বিনিয়োগের বিপরীতে প্রণোদনা দাবি করতে এই আইডি প্রয়োজন হবে।

এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। আবেদন মূল্যায়নের জন্য নির্ধারিত মানদ-ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। অর্থাৎ বিদেশি বিনিয়োগ দেশে এলেই স্বয়ংক্রিয়ভাবে প্রণোদনা পাওয়ার সুযোগ নেই। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন এবং মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে।


আবেদনকারী ও বিদেশি বিনিয়োগকারীর সম্পর্ক যাচাই : প্রণোদনার অর্থ যেন কোনো ধরনের যোগসাজশ বা কৃত্রিম বিনিয়োগের মাধ্যমে নেওয়া না হয়, সে জন্য আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারীর সম্পর্কের বিষয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী কিংবা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা থাকা যাবে না। এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা চলবে না।

বিনিয়োগের অর্থের বৈধতা ও উৎস যাচাইয়ের জন্য আবেদন মূল্যায়নে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে। একই সঙ্গে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের হিসাব মিলিয়ে দেখা হবে।

নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে দেশে আসা বিনিয়োগ এ প্রণোদনার জন্য বিবেচিত হবে না। এ ছাড়া বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রণোদনার অর্ধেক মিলবে শুরুতে : প্রণোদনার অর্থ একবারে দেওয়া হবে না। দুই ধাপে অর্থ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ধাপে আবেদন অনুমোদন এবং সংশ্লিষ্ট রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর অনুমোদিত প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর।

তবে দ্বিতীয় কিস্তির অর্থ পেতে হলে বিনিয়োগের বাস্তব অগ্রগতি দেখাতে হবে। এ ক্ষেত্রে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি যাচাই করা হবে। একই সঙ্গে বিনিয়োগের ইক্যুইটি বহাল রয়েছে কি না, সেটিও নিশ্চিত করা হবে।
অর্থাৎ বিদেশি বিনিয়োগ দেশে আনার পর সেটি ধরে রাখা এবং বাস্তব অর্থনৈতিক কর্মকা-ে ব্যবহার নিশ্চিত করাকেও প্রণোদনা পাওয়ার শর্তের মধ্যে রাখা হয়েছে।

অনুমোদন দেবে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি : প্রণোদনা কার্যক্রম পরিচালনা ও অনুমোদনের জন্য দুটি কমিটি গঠনের বিধান রাখা হয়েছে নীতিমালায়। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় পর্যালোচনা কমিটি প্রণোদনার চূড়ান্ত অনুমোদন দেবে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির নেতৃত্বে গঠিত কার্যনির্বাহী কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করবে।

প্রণোদনার অর্থ আসবে অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে। অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় এ অর্থ বিতরণ করা হবে। তবে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে প্রণোদনার অর্থ দেশের বাইরে পাঠানোর সুযোগ রাখা হয়েছে।

প্রতি বছর প্রকাশ হবে প্রণোদনার হিসাব : নীতিমালার কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি বছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে প্রাপ্ত আবেদনের সংখ্যা, বিতরণ করা প্রণোদনার পরিমাণ এবং এফডিআই-সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হবে।

এ ছাড়া জাতীয় পর্যালোচনা কমিটি প্রতি বছর নীতিমালাটি পর্যালোচনা করবে। এর মাধ্যমে প্রণোদনা কার্যক্রমের অগ্রগতি ও প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়গুলো মূল্যায়নের সুযোগ থাকবে।

তবে নতুন নীতিমালার একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো, এটি কার্যকর হওয়ার আগে দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না। অর্থাৎ নীতিমালা কার্যকরের পর আসা যোগ্য নতুন বিনিয়োগই কেবল এ সুবিধার আওতায় আসবে।
আবেদন ফরম, লিড রেজিস্ট্রেশন ফরম্যাট এবং এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   এফডিআই  সরকারি প্রণোদনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: