
মার্কিন শুল্কে রফতানি খাতে আরেক ধাক্কা । ছবি : সংগৃহীত
মার্কিন শুল্কে রফতানি খাতে আরেক ধাক্কা । ছবি : সংগৃহীতএকের পর এক ধাক্কা লেগেই চলেছে দেশের রফতানি খাতে। মাত্র দুদিন আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গড়ে ৪০ শতাংশ মজুরি বাড়ানো হলো। ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। নতুন এই মজুরি বাস্তবায়নে শিল্প মালিকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি করবে। এ ছাড়া আগে থেকেই বিভিন্ন কারণে ধুঁকে ধুঁকে চলছে শিল্প-কারখানা। দফায় দফায় দাম বাড়ানো হয়েছে গ্যাস-বিদ্যুতের এবং জ্বালানি তেলের। এর মধ্যে আবার মজুরি ইস্যুকে ঘিরে গত প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলন-ভাঙচুরে পোশাক শিল্পে ৮ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
এ দুই ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় ধাক্কা এসে হাজির রফতানি খাতের সামনে— নতুন শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা। গত মঙ্গলবার রাতে যখন বাংলাদেশের গার্মেন্টস মালিকরা ঘুমাতে যাচ্ছিলেন, তখন ওয়াশিংটন থেকে আসে খবরটা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্ক ১৮ শতাংশ। মার্কিন এই নতুন শুল্কের ঘোষণা দেশের রফতানি খাতের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াবে বলে মনে করছেন শিল্প মালিকরা।
খবরটা শোনার পর থেকেই রফতানিকারকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, ‘আমরা এখন কোন দিকে যাব? একদিকে মজুরি বাড়ল অন্যদিকে শুল্ক বাড়ল। আমরা তো দুদিক থেকে চাপে পড়ে গেলাম।’
শুল্ক বাড়ানোর পেছনে ৫ অজুহাত যুক্তরাষ্ট্রের : মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ আমেরিকার বাণিজ্যের জন্য ‘অযৌক্তিক’ কাজ করছে। তারা পাঁচটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ— বাংলাদেশে শিল্পে অতিরিক্ত উৎপাদনক্ষমতা আছে। অর্থাৎ বাজারের চাহিদার চেয়ে বেশি মাল বানানো হচ্ছে। দ্বিতীয় অভিযোগ, সরকার পোশাক খাতকে ভর্তুকি দেয়। রফতানিতে নগদ সহায়তা, কম সুদে ঋণ— এগুলোকে তারা ভর্তুকি বলছে। তৃতীয় অভিযোগ, শ্রমিকদের সুরক্ষা যথেষ্ট নয়। শ্রমিকদের অধিকার, মজুরি, নিরাপত্তা— এ জায়গায় ঘাটতি আছে বলে তাদের দাবি। চতুর্থ অভিযোগ, আর্থিক নীতি। সরকার সুদের হার, ঋণ নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট খাতকে সুবিধা দেয়— এটিকে তারা ‘ফিন্যান্সিয়াল রিপ্রেশন’ বলেছে। পঞ্চম অভিযোগ, বাংলাদেশ চীনের মতো অ-বাজার অর্থনীতির দেশ থেকে বিনিয়োগ নিচ্ছে। চীনা কোম্পানিগুলো বাংলাদেশে এসে কারখানা করছে, আর সেই পণ্য আমেরিকায় যাচ্ছে— এটি আমেরিকা পছন্দ করছে না।
ইউএসটিআর সরাসরি বলেছে, এ অভিযোগগুলো ‘বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতের’ জন্য প্রযোজ্য। অর্থাৎ মার্কিন প্রশাসনের নিশানা একদম পরিষ্কার, বাংলাদেশের পোশাক শিল্প।
নতুন শুল্কের হার কেমন হবে : তবে নতুন এই ১৮ শতাংশ শুল্ক নিয়ে অনেকেই ভুল বুঝছে। ১৮ শতাংশ শুনেই অনেকেই ভেবেছেন, এখন যে ২৬ শতাংশ শুল্ক আছে, তার ওপর আরও ১৮ শতাংশ যোগ হবে। মোট হয়ে যাবে ৪৪ শতাংশ। এই ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আসল হিসাবটা একটু ভিন্ন। গত জুলাই মাসে আমেরিকা আরেকটি তদন্তে বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছিল। সেটি ছিল জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তে। এখন নতুন যে ১৮ শতাংশের প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি ওই ১০ শতাংশের বদলে আসবে, তার ওপরে নয়।
ইউএসটিআরের প্রধান জেমিসন গ্রিয়ার নিজেই বলেছেন, ‘এই শুল্কগুলো আসলে যোগ হবে না। এটি অনেকটা টপ-আপের মতো। শেষ পর্যন্ত মাত্র কয়েক শতাংশ পয়েন্ট বাড়বে।’
এ বিষয়ে অর্থনীতিবিদ ও র্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাকও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে ১০ শতাংশ দিচ্ছে। তাই নতুন প্রস্তাবের মানে হলো বাড়তি ৮ শতাংশ পয়েন্ট।’ তা হলে মোট হিসাবটা দাঁড়ায় এ রকম— আগে বাংলাদেশি পোশাক আমেরিকায় ঢুকতে সাধারণ শুল্ক (এমএফএন) দিতে হতো গড়ে ১৫ দশমিক ৬২ শতাংশ। তার ওপরে সেকশন ৩০১-এর ১০ শতাংশ। মোট ২৫ দশমিক ৬২ শতাংশ। নতুন নিয়মে সাধারণ শুল্ক ১৫ দশমিক ৬২ শতাংশই থাকবে। শুধু সেকশন ৩০১ বেড়ে ১৮ শতাংশ হবে। মোট হবে ৩৩ দশমিক ৬২ শতাংশ। অর্থাৎ একটা ১০ ডলারের শার্টের জন্য এখন শুল্ক দিতে হয় ২ দশমিক ৫৬ ডলার। নতুন নিয়মে দিতে হবে ৩ দশমিক ৩৬ ডলার। প্রতি পিসে ৮০ সেন্ট বেশি। এক লাখ পিসের অর্ডারে এটা ৮০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৯৬ লাখ টাকা বেশি।
নতুন শুল্ক কার্যকর কবে থেকে : প্রশ্ন উঠেছে, এখনই কি এ শুল্ক কার্যকর হবে। না, এটা এখনও শুধুই প্রস্তাব। আমেরিকার নিয়ম অনুযায়ী এই প্রস্তাবের ওপর এখন জনমত নেওয়া হবে। মতামত দেওয়ার শেষ দিন ২০২৭ সালের ৫ জানুয়ারি। শুনানি শুরু হবে ২৫ জানুয়ারি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাই জানুয়ারির আগে নতুন করে কোনো শুল্ক বাড়ছে না।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘এটি নতুন কিছু না। আমেরিকা সরকার ইউএসটিআরকে শুল্ক বাড়ানোর ক্ষমতা দিয়েছে। কিন্তু বাস্তবে এখনও শুল্ক বাড়েনি। আমরা আশা করি, আমেরিকা এমন কিছু করবে না যাতে আমাদের দুই দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়।’
রফতানিকারকরা কেন শঙ্কিত? : রফতানিকারকদের শঙ্কার কারণ তিনটি। প্রথম কারণ, আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় একক বাজার। ২০২৫ সালে বাংলাদেশ আমেরিকায় ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য পাঠিয়েছে। এর মধ্যে পোশাকই ৮ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি। মোট রফতানির প্রায় ৯০ শতাংশই পোশাক। এই বাজারে ধাক্কা লাগলে বাংলাদেশের আর কোনো বিকল্প নেই। দ্বিতীয় কারণ, সময়টা খুব খারাপ। শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৮ হাজার ১৮৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ৫ কোটি ৯০ লাখ পিস অর্ডার চলে গেছে অন্য দেশে। তার ওপরে গত ২৫ নভেম্বর মজুরি বোর্ড নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করায় ন্যূনতম মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। মালিকদের উৎপাদন খরচ এমনিতেই বেড়ে গেছে। এখন শুল্ক বাড়লে সেই খরচ আর কে দেবে— এই প্রশ্ন উঠছে।
তৃতীয়ত ক্রেতারা দাম কমাতে চাপ দেবে। আমেরিকান ব্র্যান্ডগুলো যখন দেখবে শুল্ক বেড়েছে, তখন তারা বাংলাদেশি মালিকদের বলবে, ‘তোমরা দাম কমাও, না হলে আমরা অন্য দেশে যাব।’ মালিকরা দাম কমাতে গেলে শ্রমিকের মজুরি দিতে পারবে না। দাম না কমালে অর্ডার হারাবে। এ উভয় সংকটে পড়েছেন মালিকরা।
গাজীপুরের এক কারখানা মালিক বলেন, ‘আমার ৭০ শতাংশ অর্ডার আমেরিকার। আমেরিকান ক্রেতা গতকালই ফোন করে বলেছে, ‘শুল্ক বাড়লে তোমাদের দাম কমাতে হবে।’ আমি কীভাবে দাম কমাব? আমার মজুরি তো বেড়ে গেল।’
ঢাকার একটি বায়িং হাউসের মালিক বলেন, আমরা গত দুই সপ্তাহে অর্ডার হারিয়েছি আন্দোলনের কারণে। এখন শুল্কের কারণে আরও অর্ডার হারাব। ক্রেতারা এখন বলবে, ‘বাংলাদেশে যাওয়া রিস্কি।’
শুল্ক কি শুধু বাংলাদেশের ওপরই : এই শুল্ক শুধু বাংলাদেশের ওপর নয়। প্রতিযোগী দেশগুলোর ওপর আরও বেশি শুল্ক বসানো হয়েছে। যেমন— ভিয়েতনামের ওপর প্রস্তাব ৩৫ শতাংশ পর্যন্ত। তবে যদি তারা আমেরিকার সঙ্গে চুক্তি করে, তা হলে ২০ শতাংশ হবে। ভারতের ওপর ২৫ শতাংশ, চুক্তি হলে ১৭ শতাংশ। চীনের ওপর ২০ শতাংশ। বাংলাদেশের ওপর ১৮ শতাংশ। অর্থাৎ ভিয়েতনাম-ভারতের চেয়ে বাংলাদেশের শুল্ক এখনও কম থাকবে। এতে বাংলাদেশের তুলনামূলক সুবিধা আরও বাড়তে পারে।
বাংলাদেশের জন্য আরেকটা সুবিধার দিক আছে। সেটি হলো— বাংলাদেশ আমেরিকা থেকে অনেক তুলা কেনে। সেই তুলা দিয়ে পোশাক বানিয়ে আবার আমেরিকায় পাঠায়। এই বিষয়টা নিয়ে দরকষাকষি করা যায়। তুলা কেনা বিপরীতে শুল্ক ছাড়।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘মার্কিন সরকারের নতুন শুল্ক নিয়ে আলোচনার সুযোগ আছে। আমরা দরকষাকষি করব। বাংলাদেশ আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি (এআরটি) করেছে, সেটি আমাদের সাহায্য করবে।
বিজিএমইএ-ও ইউএসটিআরকে চিঠি দিয়ে বলেছে, বাংলাদেশে কোনো অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই। বরং আমেরিকান ব্র্যান্ডগুলো আমাদের কম দাম দেয়। আমরা সেই কম দামে পোশাক বানাই।
সামনের পরিস্থিতি কেমন হবে : এ বিষয়ে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, এখন বাংলাদেশের সামনে তিনটি কাজ করার আছে। প্রথমত— দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করা। জানুয়ারির শুনানির আগেই ওয়াশিংটনে প্রতিনিধি দল পাঠিয়ে বোঝাতে হবে, বাংলাদেশের পোশাক খাত আসলে আমেরিকারই স্বার্থে কাজ করে। আমেরিকান তুলা, আমেরিকান ব্র্যান্ড— দুটিই এই খাতের সঙ্গে জড়িত।
দ্বিতীয়ত— রফতানি বাজারে বৈচিত্র্য আনা বা নতুন বাজারের সন্ধান করা। শুধু আমেরিকার বাজারের ওপর নির্ভর না করে ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়ায় রফতানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তৃতীয়ত উৎপাদনশীলতা বাড়ানো। মজুরি বেড়েছে, শুল্ক বেড়েছে— এই দুই চাপ সামলাতে হলে কারখানায় উৎপাদন বাড়াতে হবে। কম শ্রমিক দিয়ে বেশি পণ্য বানাতে হবে। না হলে টিকে থাকা যাবে না।
যা বলছেন অর্থনীতিবিদ ও রফতানিকারকরা : এ বিষয়ে অর্থনীতিবিদ ও নলেজ হাব ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম সময়ের আলোকে বলেন, ‘নতুন মার্কিন শুল্ক এখনো কার্যকর হয়নি। কিন্তু রফতানিকারকদের এখনই শঙ্কা অনেক। কারণ তারা একসঙ্গে তিনটি ধাক্কা খেয়েছে— আন্দোলন, মজুরি বৃদ্ধি আর শুল্ক। এই তিন ধাক্কা সামলাতে হলে সরকার, মালিক, শ্রমিক— তিন পক্ষকেই একসঙ্গে বসতে হবে। শুধু সরকার আলোচনা করলেই হবে না। মালিকদেরও ক্রেতাদের বোঝাতে হবে, শ্রমিকদেরও উৎপাদন বাড়াতে হবে। না হলে এক দিন দেখা যাবে, আমেরিকার বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলোর দোকানে বাংলাদেশের জামা নেই, আছে ভিয়েতনামের জামা। সেই দিনটা যাতে না আসে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মার্কিন নতুন শুল্ক একেবারেই অনাকাঙ্ক্ষিত। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি কমবে। অতিরিক্ত শুল্কের কারণে চাহিদা কমবে। বাজার ছোট হয়ে আসবে। এর চেয়ে বড় সমস্যা হবে প্রতিযোগী অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বদলে ইইউসহ অন্যান্য বাজারে মনোযোগ বাড়াবে। ফলে যুক্তরাষ্ট্র চীন-ভিয়েতনামের মতো বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোতে আরও বেশি হারে শুল্ক আরোপ করছে। এতে বাংলাদেশ তুমুল প্রতিযোগিতার সম্মুখীন হবে।
তৈরি পোশাকের নিট ক্যাটাগরির পণ্য উৎপাদন ও রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, মাত্রই দুদিন আগে মজুরি বাড়ল ৪০ শতাংশের ওপরে। এ ছাড়া গত দুই-তিন বছর থেকে নানা রকম সংকটে রীতিমতো ধুঁকে ধুঁকে চলছে শিল্প-কারখানা। এ অবস্থায় দেশে যখন মজুরির বৃদ্ধির নতুন চাপে আছে পোশাক খাত ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র সরকারের শুল্ক আরোপের ঘোষণায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে দেশের রফতানি খাতে। অতীতে এ রকম শুল্ক আরোপের পর থেকে দেখা গেছে, রফতানিকারক বড় দেশগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইউরোপ ও নতুন বাজার শ্রেণির বাজারগুলোতে দর কমিয়ে আগ্রাসী রফতানি বাড়ানোর চেষ্টা করে। নিজস্ব কাঁচামাল এবং কম লিড টাইমের সুবিধায় ওই সব দেশ কম দামে পণ্য দিতে পারে, যা বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব হয় না। এবারও তেমন আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয় দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া দরকার যাতে বাংলাদেশ বাড়তি শুল্কের বোঝা এড়াতে পারে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আন্তর্জাতিক বাজারে পোশাক উৎপাদনকারীদের মুনাফা সাধারণত ২ থেকে ৫ শতাংশ। যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করলে তার চাপ শেষ পর্যন্ত দেশটির ভোক্তাদের ওপর পড়বে। পোশাকের দাম বেড়ে গেলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমবে, বিক্রি কমবে এবং আমদানিকারকদের কার্যকর মূলধনও সংকুচিত হবে। ফলে তারা আমদানি আদেশ কমিয়ে দিতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের উৎপাদন ও কর্মসংস্থানে।’
ফজলে শামীম এহসানের মতে, ভিয়েতনাম, চীন ও কম্বোডিয়াসহ সব সরবরাহকারী দেশ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হবে। তবে ভারতের রফতানি প্রবৃদ্ধি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত বা পাকিস্তানে চলে যেতে পারে। তিনি বলেন, ‘যারা নিয়মিত ঋণ পরিশোধ করছেন, তাদের সুদের হার কমাতে হবে। ঋণখেলাপিদের ঋণ পুনঃতফসিল ও সুদ ছাড়ের সুযোগ দেওয়া হলেও নিয়মিত ঋণ পরিশোধকারীদের বেশি সুদ দিতে হচ্ছে। এই বৈষম্য দূর করা জরুরি।’
সময়ের আলো/প্রিন্ট/এসকে