খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বড় অঙ্কের ব্যয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বড় অঙ্কের ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য গম আমদানি, বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জ্বালানি তেল ও

2026-11-27T04:22:22+00:00
2026-11-27T04:22:22+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজনেস
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বড় অঙ্কের ব্যয়ের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:২২ এএম 
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বড় অঙ্কের ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার । ছবি : সংগৃহীত
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বড় অঙ্কের ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার । ছবি : সংগৃহীত
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বড় অঙ্কের ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য গম আমদানি, বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জ্বালানি তেল ও কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা, কৃষি উৎপাদনের জন্য সার সংগ্রহ, রেল ও সড়ক যোগাযোগের উন্নয়ন, নগরীর পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা সম্প্রসারণ— সব মিলিয়ে বড় অঙ্কের ব্যয় হবে। সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একাধিক বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর ব্যয় যোগ করলে তা দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৮২৯ কোটি টাকা। এর বাইরে পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২৫ বছর বিদ্যুৎ কিনতে প্রায় ৪ লাখ ৬০ হাজার ৬১০ কোটি টাকার ট্যারিফ কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিকা ও কম্বল কেনার মতো কয়েকটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এসব সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

সরকারের এসব সিদ্ধান্তে একদিকে খাদ্য, জ্বালানি ও কৃষি উপকরণের মজুদ বাড়ানোর উদ্যোগ রয়েছে, অন্যদিকে বড় অবকাঠামো প্রকল্পে অর্থ ব্যয়ের পথও তৈরি হয়েছে। তবে এসব কেনাকাটার পাশাপাশি বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি আর্থিক দায়ের পরিমাণও বেশ বড়।
খাদ্য ও জ্বালানি আমদানিতে প্রায় ১০ হাজার কোটি টাকা : খাদ্য মজুদ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে বড় দুটি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ টাকা। সরকার-টু-সরকার (জি টু জি) পদ্ধতিতে এ গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ ডলার। সে হিসাবে প্রতি কেজি গমের ক্রয়মূল্য পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা। প্রয়োজনে নির্ধারিত পরিমাণের বাইরে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগও রাখা হয়েছে।

গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ টাকা। আমদানির তালিকায় রয়েছে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অকটেন।

চারটি প্যাকেজের মধ্যে তিনটির সরবরাহকারী হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

বিপিসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে মোট ৬৬ লাখ ৭০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হবে। এর অর্ধেক আসবে জি টু জি পদ্ধতিতে, বাকি অর্ধেক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। অর্থাৎ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমদানি নির্ভরতা আগামী বছরও বজায় থাকছে।

বিদ্যুৎ খাতে ২৫ বছরের দায় ৪.৬ লাখ কোটি টাকা : সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্কের দীর্ঘমেয়াদি আর্থিক বিষয়টি বিদ্যুৎ খাতের। পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২৫ বছর বিদ্যুৎ কেনার জন্য ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এর মধ্যে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ২৫ বছরে ব্যয় হবে প্রায় ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা। এ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে রামপাল ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে বিদ্যুৎ কিনতে ২৫ বছরে ব্যয় হবে প্রায় ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা। এ কেন্দ্রের বিদ্যুতের দাম প্রাথমিক পরিচালনকাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর আগপর্যন্ত প্রতি ইউনিট ৯ টাকা ১১ পয়সা এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর পর ৮ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

দুটি কেন্দ্রের বিদ্যুৎ কেনার জন্য মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৪ লাখ ৬০ হাজার ৬১০ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, বিদ্যুৎকেন্দ্র দুটি ইতিমধ্যে উৎপাদনে রয়েছে। পায়রা ২০২০ সালে এবং রামপাল ২০২৪ সালে উৎপাদন শুরু করে। তবে এসব কেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত না থাকায় প্রয়োজনীয় ভর্তুকি প্রদানে আপত্তি জানিয়ে আসছিল অর্থ বিভাগ। এখন ট্যারিফ কাঠামো অনুমোদনের মাধ্যমে সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। অনুমোদিত ট্যারিফ যথাক্রমে ২০২০ সালের ৮ ডিসেম্বর ও ২০২৪ সালের ১২ মার্চ থেকে কার্যকর হবে।

রেল ও সড়ক অবকাঠামোয় বড় বিনিয়োগ : যোগাযোগ অবকাঠামো উন্নয়নেও বড় অঙ্কের অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের জন্য দুটি প্যাকেজে ব্যয় হবে ৪ হাজার ৬২৯ কোটি ৩৯ লাখ টাকা।
এর মধ্যে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ টাকার কাজ পেয়েছে। অন্য প্যাকেজে চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড কাজ করবে ১ হাজার ৯১১ কোটি ৪৮ লাখ টাকায়।

প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে গুমদণ্ডী হয়ে দোহাজারী পর্যন্ত বিদ্যমান রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। পাশাপাশি পাহাড়তলী থেকে ঝাউতলা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ এবং সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

সড়ক যোগাযোগ উন্নয়নেও দুটি প্রকল্পে প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ব্যয় হবে ১৬৮ কোটি ১ লাখ টাকা। কাজটি করবে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। বিদ্যমান সড়ক উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ২ দশমিক ৫০ কিলোমিটার নতুন সড়ক।

অন্যদিকে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসনে ব্যয় হবে ১৪৮ কোটি ৮৮ লাখ টাকা। এ কাজ পেয়েছে মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনে বাড়তি ব্যয় : নগর অবকাঠামো উন্নয়নে খুলনা ও চট্টগ্রামের জন্যও কয়েকটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। খুলনা পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ, গ্রাহক সংযোগ, মিটার স্থাপন এবং ৬৩টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) সংস্কারে ব্যয় হবে ৫৩০ কোটি ২৪ লাখ টাকা। এ কাজের জন্য চীনের চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

একই প্রকল্পে গভীর নলকূপ, পাম্প, মোটর, পাম্প হাউস ও বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণে আরও ১০৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হবে। এ কাজ পেয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড।

অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের কারিগরি পরামর্শক সেবার চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ জন্য অতিরিক্ত ২১ কোটি ৭২ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। ফলে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ১০৩ কোটি ৮০ লাখ টাকা। মূল চুক্তির তুলনায় এ ব্যয় ২৬ দশমিক ৪৭ শতাংশ বেশি।

কৃষি ও সামাজিক সুরক্ষায় সার, চিনি-ডাল, টিকা : কৃষি উৎপাদন সচল রাখতে কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ৫৪৩ কোটি ৪ লাখ টাকা। এর মধ্যে কাফকো ও সৌদি আরবের সাবিক থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং কানাডা থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এ অর্থ কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে ব্যয় করা হবে।

নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা। প্রতি কেজি ১০৪ টাকা ৯৫ পয়সা দরে চিনি সরবরাহ করবে মেঘনা সুগার রিফাইনারি। আর প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে মসুর ডাল সরবরাহ করবে নাবিল নাবা ফুডস।

স্বাস্থ্য খাতেও বড় অঙ্কের ক্রয় পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ইপিআই কর্মসূচির জন্য ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে পাঁচ ধরনের টিকা সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ছয় মাসের জন্য বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি টিকা কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৭৫ লাখ টাকা।

এ ছাড়া আসন্ন শীত মৌসুমে অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে আরও ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কায় দ্রুত কম্বল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   খাদ্যনিরাপত্তা  নিশ্চিত  বড় অঙ্ক  ব্যয়  সিদ্ধান্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: