
‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে । ছবি : সংগৃহীত
‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে । ছবি : সংগৃহীতদেশের গ্রামীণ ও উপজেলা পর্যায়ে নতুন ব্যবসা গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে চালু হওয়া ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়।
‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় আট জেলার প্রতিটি উপজেলার জন্য ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করা হয়েছে। জেলাগুলো হলো ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর।
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা জামানত ছাড়াই সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে দেওয়ার কথা রয়েছে।
তবে, এ অর্থ অবশ্যই অনুমোদিত ব্যবসায়িক কাজে ব্যয় করতে হবে। একই সঙ্গে ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণের শর্ত ভঙ্গ করলে কিংবা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও ঋণ হিসেবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী ওই অর্থ আদায় করা হবে।
কর্মসূচিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচিতে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য ও পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ই-কমার্স, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগও অগ্রাধিকার পাবে।
প্রথম ধাপে নির্বাচিত আট জেলার বাইরে দেশের বাকি ৫৬ জেলার উপজেলা পর্যায়ের তরুণদের জন্যও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংক, এসএমই পোর্টাল অথবা যেকোনো তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করা আবেদনপত্র নিজ উপজেলার যেকোনো ব্যাংক শাখায় জমা দেওয়া যাবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচিতে আবেদন গ্রহণ করা হবে।
সময়ের আলো/এসকে