প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম

প্রতীকী ছবি
প্রতীকী ছবিতরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ’-এর দ্বিতীয় ধাপে আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। সেই হিসাবে আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে আর মাত্র তিন দিন।
এই কর্মসূচির প্রথম ধাপে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। বাকি ৫৬ জেলার তরুণদের কাছ থেকে এখন আবেদন নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে প্রথম ধাপে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। এতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলা থেকে এসব উদ্যোক্তাকে বাছাই করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, দ্বিতীয় পর্যায়ে গত ১ নভেম্বর থেকে বাকি ৫৬ জেলার সব উপজেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।
‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে এককালীন বিতরণ করা হবে।
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা অর্থায়নের নীতিমালা এবং আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
সময়ের আলো/জেডি