
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতসরকারি নির্দেশনা জারির পরও মাঠপর্যায়ে সার বরাদ্দে বৈষম্য দূর হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলাররা। তাদের দাবি, বিএডিসি ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলারদের মধ্যে ইউরিয়াসহ সব ধরনের সার সমানভাবে বরাদ্দ দেওয়ার নির্দেশনা থাকলেও তা কার্যকর করা হচ্ছে না। এতে একদিকে ডিলাররা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সময়মতো সার না পেয়ে কৃষকদের বেশি দামে খোলাবাজার থেকে কিনতে হচ্ছে।
এ পরিস্থিতিতে সরকারি নির্দেশনার শতভাগ বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে বিএডিসি সার ডিলারদের স্বার্থ সংরক্ষণ কমিটি। শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক কৃষিবিদ মোজাম্মেল কবির বলেন, ২০০৬-০৭ অর্থবছর থেকে তাদের ডিলাররা সারা দেশে কৃষকদের কাছে সার সরবরাহ করে আসছেন। কৃষি উপকরণ বিতরণে মাঠপর্যায়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে সার বিতরণে সমতা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন তারা।
তিনি জানান, গত ৩০ আগস্ট এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দফতরে আবেদন করা হয়েছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় গত ১৫ নভেম্বর সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৬ বাস্তবায়নে একটি নির্দেশনা জারি করে। নির্দেশনার স্মারক নম্বর ১২.০০.০০০০.০৩১.৪০.০০১.২৫-২২১।
মোজাম্মেল কবিরের দাবি, নতুন নীতিমালার ১.৩ অনুচ্ছেদ অনুযায়ী বিএডিসি ও বিসিআইসি- উভয় প্রতিষ্ঠানের ডিলারদের মধ্যে ইউরিয়াসহ সব ধরনের সার সমানভাবে বিতরণের কথা বলা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা জারির পরও মাঠপর্যায়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা বিভিন্ন অজুহাতে বিএডিসির ডিলারদের সার বরাদ্দ দিতে গড়িমসি করছেন। কখনো প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি, আবার কখনো গুদামে জায়গা না থাকার কথা বলে বরাদ্দ আটকে রাখা হচ্ছে। এতে ডিলারদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে এবং অনেকে হয়রানির শিকার হচ্ছেন।
কমিটির আহ্বায়কের অভিযোগ, কিছু কর্মকর্তা বিসিআইসি ডিলারদের কাছ থেকে সুবিধা নিয়ে বিএডিসির ডিলারদের সমপরিমাণ সার বরাদ্দ না দেওয়ার চেষ্টা করছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো নির্দিষ্ট কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।
মোজাম্মেল কবির বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এমন অনীহার সরাসরি প্রভাব পড়ছে কৃষকের ওপর। ডিলাররা সময়মতো বরাদ্দ না পাওয়ায় কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে খোলাবাজার থেকে বেশি দামে সার কিনছেন। এতে কৃষকের উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি সরকারের সার বিতরণ ব্যবস্থাপনা নিয়েও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। প্রথমত কৃষি মন্ত্রণালয়ের গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখের জারি করা নির্দেশনা অবিলম্বে মাঠপর্যায়ে শতভাগ কার্যকর করতে হবে। একই সঙ্গে বিএডিসি ও বিসিআইসি- উভয় প্রতিষ্ঠানের ডিলারদের মধ্যে ইউরিয়াসহ সব ধরনের সার সমানভাবে বরাদ্দ নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত সরকারি নির্দেশনা অমান্য করে ডিলারদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন- এমন কর্মকর্তাদের চিহ্নিত করতে তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
তৃতীয়ত সার বরাদ্দ ও বিতরণ সংক্রান্ত সব তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে। এতে কোন ডিলার কতটুকু সার বরাদ্দ পেয়েছেন, তা সহজেই যাচাই করা সম্ভব হবে। একই সঙ্গে বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম বা বৈষম্য হলে তা দ্রুত শনাক্ত করা যাবে।
সংগঠনটির নেতাদের মতে, সার বিতরণে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করা না গেলে সরকারি নীতিমালার উদ্দেশ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। তাই শুধু কেন্দ্রীয় পর্যায়ে নির্দেশনা জারি করলেই হবে না, মাঠপর্যায়ের বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে