প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ১০:৩৭ পিএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবাভ অল’-এর ১০ম আসর।
২৭ নভেম্বর (শুক্রবার) ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে এবং মাস্টারকার্ড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এই আসর বসে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে।
শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব ও তারকাদের সফলতার গল্প শুনতে সকাল থেকেই ভেন্যুতে দেখা যায় উপচে পড়া ভিড়, তরুণ প্রজন্মের এই বাঁধভাঙা জোয়ার সামলাতে অনেকটা হিমসিমও খেতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের।
দশ বছর পূর্তির এই বিশেষ আসরে ‘টেন ইয়ারস অব রাইজ, টেনএক্স ইয়োর গ্রোথ’ প্রতিপাদ্যে মঞ্চে ওঠেন দেশের ব্যাংকিং, করপোরেট ও বাণিজ্য খাতের শীর্ষ নেতৃত্বস্থানীয়রা।
অনুষ্ঠানে নিজেদের পেশাগত জীবনের চ্যালেঞ্জ, ভুল সিদ্ধান্ত ও সাফল্যের পেছনের গল্প তুলে ধরেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন এবং বিএসআরএম গ্রুপের এমডি আমের আলী হোসাইনসহ অন্যান্য গনমাণ্য ব্যক্তিত্ব।
এছাড়া ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এবারের আসরের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল প্রথম কোনো বিদেশি বক্তার অংশগ্রহণ। মঞ্চে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ।
আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার গোলাম সামদানি জানান, তরুণদের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখতে আগামীতেও এ ধরনের অনুপ্রেরণামূলক আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন তারা।
সময়ের আলো/জেডি