সিনেমা ছাড়লেন অধরা খান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঢালিউডের অন্যতম আলোচিত চিত্রনায়িকা অধরা খান পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে সরে দাঁড়ালেন সিনেমা থেকে। চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে ‘ভায়োলেন্স’ সিনেমায়

2026-10-12T03:15:51+00:00
2026-10-12T03:15:51+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ
সিনেমা ছাড়লেন অধরা খান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:১৫ এএম 
ছবি : সংগৃহীত
ঢালিউডের অন্যতম আলোচিত চিত্রনায়িকা অধরা খান পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে সরে দাঁড়ালেন সিনেমা থেকে। চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে ‘ভায়োলেন্স’ সিনেমায় অভিনয়ের কথা ছিল এই চিত্রনায়িকার। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলে শুটিং শুরুর আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

নিজের পোস্টে অধরা লিখেছেন, অনেক আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে নিজের অবস্থান স্পষ্ট করতেই তিনি এই পোস্টের মাধ্যমে তার অবস্থান ও সিদ্ধান্ত তুলে ধরেছেন।

পোস্টে অধরা অভিযোগ করেন, পরিচালকের অপেশাদার আচরণ এবং যথাযথ যোগাযোগের অভাব তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানোর পরও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে দাবি তার। 

এই সিনেমার জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ হাতছাড়া করেছেন তিনি। এতে তাকে আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে তার সিদ্ধান্তের কারণে সিনেমাটির শুটিং কিংবা এর সঙ্গে যুক্ত সহশিল্পী ও কলাকুশলীদের কাজে নেতিবাচক প্রভাব পড়ুক, তা চাননি বলেই এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি।


শুধু এগুলোই নয়, সিনেমাটির জন্য অপেক্ষা করতে গিয়ে অন্যান্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেননি অধরা। এ কারণে তার কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। সিনেমাটির শুটিংয়ের সময়সূচি নিয়ে যোগাযোগের ধরনও হতাশ করেছে অধরাকে। তার কথায়, শুটিংয়ের মাত্র এক দিন আগে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। এমন অভিজ্ঞতাকে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছেন তিনি।

পুরো অভিজ্ঞতাটিকে এখন নিজের ক্যারিয়ারের বড় ভুল হিসেবে বিবেচনা করে এই অভিনেত্রী বলেছেন, কোনো প্রকল্পে যুক্ত হওয়ার আগে পেশাদারি, যোগাযোগ এবং পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন ছিল। কিছু অভিজ্ঞতা মানুষকে ভবিষ্যতে আরও সচেতনভাবে এগিয়ে যেতে শেখায়। তার মতে, পেশাগত সম্পর্কে পারস্পরিক সম্মান ও পেশাদারি কখনো একতরফা হওয়া উচিত নয়। একজন শিল্পী হিসেবে নিজের সময়, শ্রম ও আত্মসম্মানের মূল্য দেওয়াও তার দায়িত্ব।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অধরার। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায়।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   সিনেমা  অধরা খান  পরিচালক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: