আসছে দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অন্যপাতা’। সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। শিক্ষার্থীদের নানা সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে।
পরিচালক শাহেজাহান এ্যানি বলেন, প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে অন্যপাতা সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমার গল্পটা আমাদের সবার নিজের জীবনের গল্প। এটা শুধু অ্যাডমিশনের গল্প বলে থেমে থাকেনি, আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, হাজারটা দায়িত্বের মাঝেও নিজের মনের কথা, ভালোবাসার অনুভূতির প্রকাশ। সব মিলিয়ে আশা করি দর্শক আপন করে নেবে অন্যপাতাকে।’
নির্মাতা জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে। তবে এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র হাতে না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে নির্মাতা আরও বলেন, ‘ইতিমধ্যে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমা দেখেছেন। আশা করছি, শিগগির ছাড়পত্র পেয়ে যাব। এরপর আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।’ প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা।
প্রযোজনা করছেন চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ, বুয়েট শিক্ষার্থী আবতাহী শামস ও শাহেজাহান এ্যানি। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪০ জন শিক্ষার্থী।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে