জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিজের বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না জানিয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
রোববার (১২ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি জানান, তার যতটুকু জানার সুযোগ হয়েছে, ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’—দুটি শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে তার কাজের সম্পৃক্ততা সীমিত এবং পরিচিতি কম থাকায় অজ্ঞাতসারে উচ্চারণগত ভুল হয়েছে। ভবিষ্যতে শব্দ দুটি উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।
পরিশেষে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ইসলামের খেদমতে আব্বাসী যে সংগ্রাম করে যাচ্ছেন, তাঁকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তার কোনো ক্ষতি হবে না, ইনশা আল্লাহ।
রাশেদ খাঁন আরও বলেন, কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও মাওলানা আব্বাসীর পথে বিজয় অনিবার্য।
সময়ের আলো/এসএকে